সরকারের পাতানো নির্বাচন জনগণ রুখে দেবে : রিজভী
সরকারের পাতানো নির্বাচন জনগণ রুখে দেবে : রিজভী
আজ বৃহস্পতিবার সকালে শাহজাহানপুর সড়কে ‘ঝটিকা’ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সরকার পাতানো নির্বাচনে যেকোনো মূল্যে জনগণ রুখে দেবে বলে হুঁশিয়ারি দিলেন রুহুল কবির রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই হুঁশিয়ারি দেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার তার নির্বাচন কমিশন ও সাজানো প্রশাসনকে দিয়ে যে একতরফা নির্বাচনের নাটক মঞ্চস্থ করছে, তা দেশের মানুষ মানে না। আন্তর্জাতিক বিশ্বও তাদের এই সাজানো নাটক সম্পর্কে অবগত আছেন।
আমি বলতে চাই, এই অবৈধ তফসিল জনগণ মানে না। তোমাদের পাতানো নির্বাচন যেকোনো মূল্যে জনগণ রুখে দেবে।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা এখন এতটাই দেউলিয়া হয়ে গেছে যে আজকে তাদেরকে এ রকম নির্বাচন নিয়ে খেলা করতে হচ্ছে।
জনগণের হাজার কোটি টাকা অপচয় করে এ রকম নির্বাচন করতে যাচ্ছে। অবশ্যই জনগণের অর্থ অপচয়ের জন্য তাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।’
আজ সকাল ৭টায় বৃষ্টির মধ্যে শাহজাহানপুর মোড় থেকে ১৫-২০ জন নেতাকর্মী নিয়ে মিছিল বের করেন রিজভী। মিছিলটি পীরজঙ্গী মাজারের কাছাকাছি গিয়ে শেষ হয়।
মিছিল কারীরা ‘অবৈধ তফসিল মানি না, মানব না’, ‘আজকের অবরোধ সফল হউক সফল হউক’ ইত্যাদি স্লোগান দেন। ৪-৫ মিনিটের ‘ঝটিকা’ মিছিলটি শেষে রিজভী সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তিনি আত্মগোপনে চলে যান।
ঝটিকা মিছিলের সময় দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, মানিকগঞ্জ বিএনপির সহ সভাপতি খোন্দকার আকবর হোসেন বাবলু, যুবদলের কামরুজ্জামান জুয়েল, মহানগর বিএনপির নাদিয়া পাঠান পাপন, নিলুফার ইয়াসমীন নিলু, ছাত্রদলের সাবেক সহ সভাপতি তারেকুজ্জামান তারেক, জসিম শিকদার রানা প্রমুখ নেতা ছিলেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চলে যাওয়ার পর নেতাকর্মীরা রাস্তায় একটি পুরনো টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করেন এবং অবরোধ কর্মসূচির সমর্থনে স্লোগান দেন।

কোন মন্তব্য নেই